আইডিবি, কম্পিউটার সিটি সেন্টারে বসছে থার্মাল ক্যামেরা

৯ মে, ২০২০ ১৮:২৮  
সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে খুলছে রাজধানীর কম্পিউটার ও মোবাইল মার্কেটগুলো। শনিবার থেকেই বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এবং কম্পিউটার সিটি সেন্টার খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। মার্কেট খোলার প্রস্তুতি নিয়েছে মোবাইল বাজার মোতালেব ও ইস্টার্ন প্লাজাও। মার্কেটগুলোর প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে থার্মাল ক্যামেরা। মাস্ক ছাড়া প্রবেশ থাকছে নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক করা হয়েছে হ্যান্ড গ্লাভস ব্যবহার। এছাড়াও মার্কেটের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার থাকছে। স্বাস্থ্য অধিদফতর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ওইদিন সকাল ১০টা থেকে দেশের বড় দুই কম্পিউটার মার্কেট রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি ও এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার খোলার প্রস্তুতি শেষ বলেও জানাগেছে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকলেও  আইডিবি মার্কেট খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। এ বিষয়ে কম্পিউটার সিটি সেন্টার মার্কেট সমিতি সেক্রেটারি সুব্রত কুমার সরকার বলেন, আমরা মার্কেটে সর্বশেষ স্বাস্থ্য নিরাপত্তা নিরাপত্তা ডিভাইস ব্যবহার করছি । আশা করছি আগামীকাল দেড় থেকে দুই শ দোকান খোলা হবে। অবশ্য কম্পিউটার বাজার খুললেও আমদানীকারক ও সরবরাহকারীরা সীমিত পরিসরে কাজ করেব বলে জানা গেছে। কম্পিউটার পণ্য পরিবেশক প্রতিষ্ঠান টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ জানান, তারা সপ্তাহে দুই দিন অফিস করবেন। সতর্কতার মাধ্যমেই কাজ করবেন।